মোঃ শরীফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২:০৯ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদুজ্জামান খোকনকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং ও সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আসাদুজ্জামান খোকন।
গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি দলীয় ভ্রমণ ও বনভোজনের অংশ হিসেবে আসাদুজ্জামান খোকন হরিপুর রাজবাড়িতে যান। সেখানে তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। পরে দুপুরের দিকে তিতাস নদীতে গোসল করার সময় একদল লোক তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এরপর তাকে রাজবাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়। একপর্যায়ে তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আসাদুজ্জামান খোকনের সঙ্গে থাকা ব্যক্তিদের দাবি, হামলার সময় তাকে মারধর করা হলে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
এ বিষয়ে আসাদুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং ও সরকারি দলের সমালোচনা করায় তার ওপর হামলা করা হয়েছে। তার দাবি, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান বিএনপির নেতাকর্মীদের দিয়ে এ হামলা করিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে হত্যার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ হয়েছে।
আসাদুজ্জামান খোকন বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ততদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব।”
তবে হামলার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন। তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কিছু মানুষ আসাদুজ্জামান খোকনের ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে তাকে মারধর করা হয়ে থাকতে পারে। একদল লোক তাকে পুলিশের কাছে হস্তান্তর করে চলে যায়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
ওসি আরও জানান, আসাদুজ্জামান খোকনের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। মারধরের ঘটনায়ও তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌরজগতের সৃষ্টি ও পৃথিবীতে প্রাণের উৎপত্তির রহস্য উন্মোচনে সহায়ক হতে পারে এমন নমুনা সংগ্রহের জন্য জাপানি বিজ্ঞানীরা মঙ্গলের উপগ্রহে অভিযান চালাতে প্রস্তুত রয়েছেন। তবে, প্রতিদ্বন্দ্বী চীনের একটি অভিযান তার আগেই নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছেন।
আগামী কয়েক মাসের মধ্যে তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে মনুষ্যবিহীন ‘মার্শিয়ান মুনস এক্সপ্লোরেশন’ বা এমএমএক্সের। এই অভিযান ভবিষ্যতে মানুষের মঙ্গল পাঠানোর পথে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
গত বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে মহাকাশযানটি উন্মোচন করা হয়েছে। এটি প্রায় তিন বছর ধরে মঙ্গলের কক্ষপথে অবস্থান করবে এবং এ সময় মঙ্গলের উপগ্রহ ফোবোসে অবতরণের চেষ্টা করবে।
মহাকাশযানটি ফোবোসের পৃষ্ঠ থেকে অন্তত ১০ গ্রাম উপাদান সংগ্রহ করার পরিকল্পনা করেছে। একই সময়ে, ফরাসি নামের কমিক চরিত্র অ্যাস্টেরিক্সের কুকুরের নাম অনুসারে ‘আইডেফিক্স’ নামের রোভারটি উপগ্রহটির পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে।
মহাকাশযানটি মঙ্গলের অপর উপগ্রহ ডেইমোসকেও পর্যবেক্ষণ করবে। তবে, সেখানে অবতরণ করার কোনো পরিকল্পনা নেই। এরপর একটি ফেরত ক্যাপসুল পৃথিবীর উদ্দেশে রওনা হবে এবং ২০৩১ সালের দিকে অস্ট্রেলিয়ায় অবতরণ করার পরিকল্পনা রয়েছে।
মিতসুবিশি ইলেকট্রিকের প্রকৌশলী আকিনারি উয়েহারা জানান, জাপানের মনুষ্যবিহীন স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) বা ‘মুন স্নাইপার’ ২০২৪ সালে পৃথিবীর চাঁদে অবতরণের পরে কাত হয়ে পড়ে। তবে, সেটি তথ্য পাঠানোর সামর্থ্য রাখে এবং চাঁদের দুই সপ্তাহব্যাপী কয়েকটি রাত বেঁচে থাকে।
মহাকাশ থেকে নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার অভিজ্ঞতা জাপানের রয়েছে। ২০২০ সালে জাক্সার মনুষ্যবিহীন হায়াবুসা-২, পৃথিবী থেকে কয়েকশ কোটি কিলোমিটার দূরের একটি গ্রহাণু থেকে ৫.৪ গ্রাম পাথর ও ধুলার নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে কার্যত ভেঙে টুকরো করে বাংলাদেশ দল যে এক ঐতিহাসিক জয় তুলে এনেছে, সেই জয় প্রসঙ্গে কোনো প্রশংসা করার ক্ষেত্রে কার্পণ্য করেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি চরম হতাশা প্রকাশ করেছেন নিজেদের ডেরায় এমন এক অভাবনীয় পরাজয়ে, একই সঙ্গে টাইগারদের পুরো কৃতিত্বও দিয়েছেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অজি দলপতি বলেন, ‘বাংলাদেশ দলের কাছ থেকে কোনো কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তারা সত্যি অসাধারণ ক্রিকেট খেলেছে। তবে, এই ম্যাচের পর আগামী কয়েক দিনের মধ্যে আমাদের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা ও বিশ্লেষণ হবে।’
পরাজয়ের পেছনে কোনো অজুহাত না দেখানোর জন্য কামিন্স অকপটে স্বীকার করেছেন, ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম সঠিক ছিল, কোনো অজুহাত দেওয়া যাবে না। বাংলাদেশ সত্যি ভালো খেলেছে। আমাদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে আরও বেশি সময় ব্যাট করা উচিত ছিল। এবং বল হাতে আমরা তাদের কোনোরকম চাপ সৃষ্টি করতে পারিনি।’
টাইগার বোলারদের ধৈর্য ও শৃঙ্খলার প্রশংসা করে কামিন্স আরও জানান, ‘ক্রিকেটের সব দিক থেকে তারা আমাদের চেয়ে বহুগুণে ভালো খেলেছে। বিশেষ করে বল হাতে তারা অত্যন্ত ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’
চোট কাটিয়ে ওঠা পেসার জশ হ্যাজলউডের ব্যাপারে অজি স্কিপার জানান, চোটের কারণে সাম্প্রতিক সময়ে তিনি কঠিন সময়ের সম্মুখীন হলেও হ্যাজলউড দলের অন্যতম পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়া সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়ে তিনি মন্তব্য করেন, ‘গ্রিনের সেঞ্চুরি ও ইনিংসের গতিই প্রমাণ করে সে কত বড় মানের খেলোয়াড়। তবে তার সঙ্গে অন্য প্রান্তে আমাদের আরো দু-একজনকে টিকে থাকা উচিত ছিল।’
প্রথম টেস্টে বিশাল ধাক্কা খাওয়ার পরেও সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়ে কামিন্স আশাবাদ ব্যক্ত করেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে বেশ ভালোভাবে জানি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি শনিবার ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাইপর্বে সংখ্যালঘু অধ্যুষিত অঙ্গরাজ্যগুলোকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাছাইপর্বের শুরু হবে সাউথ ক্যারোলিনা ও নেভাদায়।
দলটির চেয়ারম্যান কেন মার্টিন এক বিবৃতিতে বলেছেন, নতুন সময়সূচি ‘সত্যিকার অর্থে আমাদের দল ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করে। এটি ২০২৮ সালে হোয়াইট হাউস পুনর্দখলে আমাদের সহায়তা করবে।’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে। আফ্রিকান-আমেরিকান জনগণের একটি বড় অংশ সাউথ ক্যারোলিনায় বসবাস করেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে ২০২৮ সালের ২২ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এরপর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় ১ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। নেভাদার জনসংখ্যার ৩০ শতাংশের বেশি লাতিনো।
এরপর নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, মিশিগান ও ভার্জিনিয়া ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রথম ছয় অঙ্গরাজ্যের তালিকায় স্থান পাবে। ডেমোক্রেটিক পার্টি বলেছে, নতুন সময়সূচির লক্ষ্য হলো প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মুখোমুখি বৈচিত্র্যময় ভোটারদের সামনে নিয়ে আসা। পাশাপাশি সাধারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতেও তাদের পরীক্ষা নেওয়া।
২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে জো বাইডেনের সফলতা পেছনে সাউথ ক্যারোলিনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তাকে সেই অঞ্চলের প্রতি প্রতিদান দেওয়ার চেষ্টা করেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারের প্রাথমিক বাছাইয়ে সাউথ ক্যারোলিনাকে প্রথম অঙ্গরাজ্য করার জন্য তিনি নিয়ম পরিবর্তন করেছিলেন।
তবে নিউ হ্যাম্পশায়ার নতুন এই নিয়মকে মানার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে। অঙ্গরাজ্যটির আইনে দেশের সকলের আগে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সুতরাং ২০২৪ সালের নির্বাচনেও সাউথ ক্যারোলিনার আগেই সেখানে ভোট হবে।
এ ধরনের পদক্ষেপ ঠেকানোর জন্য শনিবার দলীয় কর্মকর্তারা নির্ধারিত সময়সূচি না মানা অঙ্গরাজ্যগুলোর জন্য শাস্তি বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন। নিউ হ্যাম্পশায়ার নতুন সময়সূচি মেনে চলবে কিনা, সেটি এখনো স্পষ্ট নয়। আইওয়ার বিষয়টিও অনিশ্চিত। অঙ্গরাজ্যটির আইনে জানানো হয়েছে, অন্যান্য সব অঙ্গরাজ্যের আগে সেখানে ককাস অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ককাস হলো ভোট গ্রহণের একটি বিকল্প পদ্ধতি।
সাউথ ক্যারোলিনা বা নেভাদার তুলনায় আগে ভোট দেওয়া নিউ হ্যাম্পশায়ার ও আইওয়ার জনসংখ্যা কম এবং বৈচিত্র্যও কম। যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য অনুযায়ী, ১৪ লাখ জনসংখ্যার নিউ হ্যাম্পশায়ারে ৯০ শতাংশের বেশি মানুষ শ্বেতাঙ্গ। আর ৩২ লাখ জনসংখ্যার আইওয়ায় ৮৮ শতাংশ মানুষ শ্বেতাঙ্গ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ