০৬:৩৬ পি.এম
ফেনী, ৬ নভেম্বর ২০২৬ : আজ বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠক/উপদল নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে দাগনভূঞা উপজেলায়।
আজ শুক্রবার সকালে আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণে এই কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের দাগনভূঞা উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস-এর দাগনভূঞা উপজেলার কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস-এর ফেনী জেলা সম্পাদক মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, স্কাউটসের সম্পাদক খিজির আহমেদ পলাশ এবং উপজেলা কাব লিডার ছালেহ উদ্দীন।
আরও পড়ুন: মাদকমুক্ত সমাজ গড়তে যুবদল নেতার উদ্যোগে দুই বিঘা জমিতে খেলার মাঠ নির্মাণ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, "স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, সহযোগিতার মানসিকতা ও দেশপ্রেম গড়ে ওঠে।" তিনি উল্লেখ করেন যে, ষষ্ঠক নেতা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউটরা নিজেদের দল পরিচালনার পাশাপাশি অন্যদের নেতৃত্ব দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আয়োজকরা জানান, এই কোর্সটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং এতে দাগনভূঞা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস সদস্যরা অংশগ্রহণ করছেন। কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক বিষয়, দল পরিচালনা, নেতৃত্বের কৌশল, দায়িত্ববোধ ও শৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন