ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিক গৌতমকে বেছে নেওয়ার কারণ জানালেন কাজল


বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিক গৌতমকে বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমের শুরু, এরপর বিচ্ছেদ। তবে শেষ পর্যন্ত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল সেই সাবেক প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। সম্প্রতি স্বামী গৌতম কিচলুর সঙ্গে সম্পর্কের শুরু, বিচ্ছেদ এবং পুনর্মিলনের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কীভাবে করোনাকালে তাদের সম্পর্ক নতুন মোড় নিয়েছিল।

এক সাক্ষাৎকারে কাজল আগরওয়াল তার প্রেমের গল্প বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’ গৌতমের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল একটি বন্ধুর বিয়েতে। সেই আলাপ থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রায় ১৩ বছর আগে শুরু হয়েছিল তাদের প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং মাঝপথে তাদের বিচ্ছেদ ঘটে।

তবে বিচ্ছেদের পরেও তাদের বন্ধুত্বে ছেদ পড়েনি। দুজনেই অন্য সম্পর্কের মধ্যে জড়িয়েছিলেন, কিন্তু কোথাও যেন একে অপরের প্রতি টান রয়ে গিয়েছিল। কাজল বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তবে বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’

আরও পড়ুন: নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা

করোনাকাল তাদের সেই উপলব্ধিকে আরও জোরালো করে তোলে। যখন গোটা বিশ্ব অনিশ্চয়তার মধ্যে ছিল, তখনই তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এবার সম্পর্ক নিয়ে কোনো অনিশ্চয়তা রাখতে চাননি এই দক্ষিণী তারকা। গৌতমকে স্পষ্ট জানিয়ে দেন— বিয়ে করতে রাজি হলে তবেই নতুন করে সম্পর্ক শুরু হবে।

কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম— এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও। এবার আর অন্য কোনো পথ নেই।’ তিনি বলেন, ‘এত বছর ধরে একে অপরকে চেনার পর নতুন করে জানার কিছুই বাকি ছিল না। একে অপরের ভালোমন্দ, পছন্দ-অপছন্দ, জীবনের ওঠাপড়ার সবটাই আমাদের জানা।’ করোনাকালে পেশাগত ব্যস্ততা কিছুটা কমে যাওয়ায় ব্যক্তিগত জীবনেও মন দেওয়ার সুযোগ পেয়েছিলেন বলেও জানান তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘লকডাউন আমাদের নিজেদের জীবনটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিল। সবসময়ে কাজের পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনের দিকে তাকানোর অবকাশ ছিল না। সেই সময়টাতেই আমরা একে অপরকে আরও বেশি করে সময় দিতে পেরেছিলাম।’ ২০২০ সালের অক্টোবর মাসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন কাজল আগরওয়াল ও গৌতম। করোনাকালে বিধিনিষেধের কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

আরও পড়ুন: ‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজিটাল পাল্লায় ৪২ কেজিতে মণ, কৃষকদের মধ্যে অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


ডিজিটাল পাল্লায় ৪২ কেজিতে মণ, কৃষকদের মধ্যে অসন্তোষ

রংপুরের পীরগঞ্জের বিভিন্ন হাটবাজার পরিদর্শন করে দেখা গেছে, ডিজিটাল পাল্লায় কৃষিপণ্য ওজন নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ, যেখানে ৪০ কেজিতে এক মণ হওয়ার কথা, সেখানে ব্যবসায়ীরা ৪২ কেজিতে এক মণ হিসেবে হিসাব করছেন। এর ফলে তাঁদের প্রতি মণে ২ কেজি করে অতিরিক্ত কৃষিপণ্য দিতে হচ্ছে। অন্যদিকে, খুচরা পর্যায়েও ওজন কম দেওয়ার অভিযোগ উঠেছে।

কৃষকরা জানান, সারা বছর মাঠে পরিশ্রম করে ফসল উৎপাদন করতে হয়। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে বাড়তি খরচ বহন করতে হয়। কিন্তু উৎপাদিত ফসল বিক্রি করতে গিয়ে ওজনের ক্ষেত্রে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। ৪০ কেজির পরিবর্তে ৪২ কেজিতে মণ হিসাব করায় প্রতি মণে ২ কেজি করে অতিরিক্ত পণ্য দিতে হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, কৃষিপণ্য কেনাবেচায় কিছু ঘাটতি দেখা দেয়। হাট থেকে পণ্য কিনে মোকামে পৌঁছানোর সময় কিছু পণ্য পরিবহন ও সংরক্ষণের কারণে নষ্ট হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতেই তাঁরা ৪২ কেজিতে এক মণ হিসাব করেন।

তবে খুচরা পাইকারদের অভিযোগ, কৃষকদের কাছ থেকে ৪২ কেজিতে মণ হিসেবে পণ্য কেনা হলেও বিক্রির সময় ৪০ কেজিতে মণ হিসাব করা হয়। এমনকি এক কেজি পণ্য কিনলেও অনেক ক্ষেত্রে ৯০০ থেকে ৯৫০ গ্রাম পাওয়া যায় বলে তাঁদের দাবি।

সবজি বিক্রেতা আনিছুর রহমান, আমজাদ আলী ও মনোয়ার হোসেন বলেন, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, টমেটো, আলু, শিম, ধান, চাল, গম ও ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রে ৪২ কেজিতে মণ হিসাব করা হয়। কাঁচা হলুদের ক্ষেত্রে ৪৫ কেজিতে মণ ধরা হয়।

তারা আরও জানান, ৪০ কেজি কৃষিপণ্য নিয়ে বাজারে গেলে ব্যবসায়ীরা ৩৮ কেজির দাম দেন। অর্থাৎ প্রতি মণে ২ কেজি পণ্য ধলতা হিসেবে কেটে রাখা হয়। অথচ নিজেরা বাজারে পণ্য কিনতে গেলে এক কেজির উপরে কিছুই বেশি ধলতা পান না।

সংশ্লিষ্টদের মতে, ওজন নিয়ে এ ধরনের অসংগতি দূর করতে হাটবাজারে ডিজিটাল পাল্লার সঠিক পরিমাপ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নিয়মিত ওজনযন্ত্র পরীক্ষা এবং কারচুপি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

কৃষক ও সাধারণ ক্রেতাদের দাবি, ৪০ কেজিতে এক মণ হিসাবসহ প্রতিটি পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যকর নজরদারি প্রয়োজন। এতে কৃষক ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতারাও ওজনে প্রতারণা হাত থেকে রক্ষা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাংস ছাড়াই বাড়বে শরীরের আয়রন, জানতে হবে ৫ কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


মাংস ছাড়াই বাড়বে শরীরের আয়রন, জানতে হবে ৫ কৌশল

শরীরে আয়রনের ঘাটতি দূর করার জন্য মাংস খাওয়ার প্রয়োজন নেই। শাকসবজি, ডাল, বাদাম এবং বিভিন্ন উদ্ভিজ্জ খাবার থেকেও আয়রন পাওয়া সম্ভব। তবে, এসব খাবার থেকে শরীর কতটা আয়রন শোষণ করতে পারছে, সেটিও গুরুত্বপূর্ণ। কিছু কৌশল অনুসরণ করলে আয়রন শোষণের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব।

বিশ্বে পুষ্টির ঘাটতির মধ্যে আয়রনের অভাব একটি অন্যতম সমস্যা। বিশেষ করে শিশু ও প্রজননক্ষম নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। শরীরে আয়রনের অভাব হলে ক্লান্তি, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। কারণ, রক্তে অক্সিজেন পরিবহনের জন্য প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরিতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার খনিজ বিপাকবিষয়ক অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের মতে, রক্তস্বল্পতা প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

মাংস ছাড়া আয়রনের চাহিদা পূরণ

খাবারে আয়রনের দুটি প্রকার রয়েছে। একটি হলো হিম আয়রন, যা মাংস ও সামুদ্রিক খাবারে পাওয়া যায়। অন্যটি নন-হিম আয়রন, যা উদ্ভিজ্জ খাবার থেকে পাওয়া যায়।

শরীর সাধারণত হিম আয়রন সহজে শোষণ করে। এ ধরনের আয়রনের প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ শরীরে শোষিত হয়। অপরদিকে, উদ্ভিজ্জ খাবারের আয়রন শোষণের হার তুলনামূলকভাবে কম। শুকনো ডালজাতীয় খাবার থেকে প্রায় ২ শতাংশ এবং পাতাযুক্ত সবজি থেকে ৭ থেকে ৯ শতাংশ আয়রন শোষিত হয়।

তবে কিছু কৌশল অনুসরণ করলে উদ্ভিজ্জ খাবার থেকেও বেশি আয়রন পাওয়া সম্ভব।

১. কিছু শাক সেদ্ধ করুন, অন্যগুলো ভাপে রান্না করুন

খাবার রান্নার পদ্ধতি আয়রন শোষণের পরিমাণকে প্রভাবিত করে। পালংশাক, সুইস চার্ড এবং বিটের পাতায় অক্সালেট নামক উপাদান থাকে, যা আয়রনের সঙ্গে যুক্ত হয়ে শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে।

এসব শাক সেদ্ধ করলে অক্সালেটের পরিমাণ কমে যায়, ফলে শরীরের জন্য আয়রন শোষণ সহজ হয়। তবে, সব শাকের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। লেটুস, বাঁধাকপি এবং বক চয়ের মতো সবজি কাঁচা বা ভাপে রান্না করে খাওয়া ভালো। এতে ভিটামিন সি বেশি পরিমাণে বজায় থাকে, যা আয়রন শোষণে সহায়তা করে।

২. আয়রনযুক্ত খাবারের সঙ্গে ভিটামিন সি খান

উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণের পরিমাণ বাড়াতে ভিটামিন সি কার্যকর। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ জন্য খাবারের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। সকালের নাশতায় আয়রনযুক্ত খাবারের পাশাপাশি অল্প পরিমাণ কমলার রসও পান করা যেতে পারে।

কিংস কলেজ লন্ডনের পুষ্টিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদা বলেন, উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. গাঁজন করা খাবার বেছে নিন

খাবারের গাঁজন বা ফারমেন্টেশন প্রক্রিয়াও আয়রন শোষণে সহায়তা করে। শস্য, বাদাম এবং বীজে ফাইটিক অ্যাসিড নামক একটি প্রাকৃতিক উপাদান থাকে, যা শরীরের আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে।

গাঁজন প্রক্রিয়ায় ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। ফলে খাবার থেকে আয়রন শোষণ সহজ হয়। এ কারণে সাধারণ পাউরুটির পরিবর্তে টক স্বাদের গাঁজন করা রুটি বা সাওয়ারডো বেছে নিতে পারেন।

৪. শুধু আয়রনসমৃদ্ধ প্যাকেটজাত খাবারের ওপর নির্ভর করবেন না

বিভিন্ন ধরনের পাউরুটি এবং সকালের নাশতার সিরিয়ালে আয়রন যোগ করা হয়। তবে এসব খাবারে ব্যবহৃত আয়রনের কিছু ধরন শরীর সহজে শোষণ করতে পারে না।

এক গবেষণায় দেখা গেছে, শিশুদের জন্য তৈরি আয়রনসমৃদ্ধ সিরিয়াল থেকে শরীরে আয়রন শোষণের হার ছিল মাত্র ০.৬ থেকে ২.২ শতাংশ। অন্যদিকে, পরিশোধিত সাদা ময়দা দিয়ে তৈরি পাউরুটি থেকে আয়রন শোষণের হার তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে।

উদ্ভিজ্জ খাবারের মধ্যে ছোলা, গাঢ় সবুজ শাক, শুকনো ফল, বাদাম এবং বীজ আয়রনের ভালো উৎস।

প্রতি ১০০ গ্রাম খাবারে আয়রনের পরিমাণ হলো—

- ছোলা: ২ মিলিগ্রাম

- ব্রকলি: ১ মিলিগ্রাম

- সূর্যমুখীর বীজ: ৬ দশমিক ৪ মিলিগ্রাম

- টোফু: ১ দশমিক ২ মিলিগ্রাম

- গরুর মাংস: ৩ দশমিক ৬ মিলিগ্রাম

৫. খাবারের সঙ্গে চা-কফি পান এড়িয়ে চলুন

খাবারের সঙ্গে কী পান করা হচ্ছে, সেটিও আয়রন শোষণের ওপর প্রভাব ফেলে। চা ও কফিতে থাকা ট্যানিন ও পলিফেনল শরীরে আয়রন শোষণ কমিয়ে দিতে পারে।

তাহলে আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার সময় চা বা কফি পান না করাই ভালো। খাবারের অন্তত দুই ঘণ্টা পর চা পান করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইট।

প্রতিদিন কতটুকু আয়রন প্রয়োজন?

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ এনএইচএসের সুপারিশ অনুযায়ী, প্রতিদিন প্রয়োজনীয় আয়রনের পরিমাণ হলো—

- ১৯ বছর বা তার বেশি বয়সী পুরুষ: ৮ দশমিক ৭ মিলিগ্রাম

- ১৯ থেকে ৪৯ বছর বয়সী নারী: ১৪ দশমিক ৮ মিলিগ্রাম

- ৫০ বছর বা তার বেশি বয়সী নারী: ৮ দশমিক ৭ মিলিগ্রাম

তবে অতিরিক্ত মাসিক রক্তক্ষরণ হয় এমন নারীদের আরও বেশি আয়রনের প্রয়োজন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সাংবাদিকের দাবি, সৌদির কিছু অংশ দখল করেছে হুথি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


মার্কিন সাংবাদিকের দাবি, সৌদির কিছু অংশ দখল করেছে হুথি বিদ্রোহীরা

মার্কিন সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন দাবি করেছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ দখল করে রেখেছে। তার অভিযোগ, যুদ্ধকালীন এই গুরুত্বপূর্ণ ঘটনা মার্কিন গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

গত সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলাপকালে কার্লসন এই দাবি করেন। তবে এ বিষয়ে হুথি বা সৌদির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পডকাস্টে কার্লসন উল্লেখ করেন, হুথিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য একটি সরাসরি হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, সৌদি ভূখণ্ডের একটি অংশ তাদের দখলে রয়েছে। মার্কিন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হচ্ছে কিনা, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।

সৌদির মাটিতে হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, ‘হ্যাঁ, রয়েছে।’ তবে তিনি উল্লেখ করেননি, সৌদির কোন নির্দিষ্ট অঞ্চল হুথিরা দখল করেছে কিংবা এ তথ্যের উৎস কী।

কার্লসনের এই বক্তব্যের আগে, গত ২ নভেম্বর এক বিশেষ প্রতিবেদনে মিডল ইস্ট আই জানানো হয়েছিল যে, গত অক্টোবরে হুথিরা সৌদি আরবের সামরিক অবস্থানগুলোতে আন্তসীমান্ত অভিযান চালিয়েছে। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে হুথিদের সৌদি ভূখণ্ড দখলে রাখার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে অবস্থিত আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর ঐতিহাসিক দাবি রয়েছে হুথিদের। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এসব অঞ্চল সৌদির কাছে ছেড়ে দিয়েছিল।

এদিকে, কার্লসন মনে করেন, ইরান ছাড়াও অন্য কোনো শক্তি হুথিদের সহায়তা করতে পারে। তবে তিনি এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।

অন্যদিকে, ড্রপসাইট নিউজের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনের কয়েকটি গোষ্ঠী গোপনে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের অভিযানে সহায়তা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে রোবট কাজ শিখছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


চীনের প্রযুক্তিনগরী শেনজেনে রোবট কাজ শিখছে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : চীনের প্রযুক্তিনগরী শেনজেনের একটি পার্কের খাবারের দোকানে একটি রোবট মানুষের মতো দেখতে কাপ হাতে তুলে নেয়। এরপর যন্ত্রটি লিভার টেনে আইসক্রিমের ওপর প্যাঁচানো নকশা তৈরি করে এবং তা ক্রেতার হাতে তুলে দেয়।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

চীন বিশ্ববাসীর সামনে এ ধরনের প্রযুক্তিগত অগ্রগতির প্রদর্শন করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ বিশ্বনেতাদের শেনজেনে যাওয়ার কথা রয়েছে এ সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে যোগ দিতে।

হংকংয়ের উত্তরে অবস্থিত শেনজেন শহরটি চীনের অন্যতম প্রধান শিল্প ও উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত।

চীনের রোবটগুলো নাচের চমৎকার দক্ষতার জন্য ইতোমধ্যেই পরিচিত। তবে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকৌশলীরা এসব রোবটকে মানুষের মতো বিভিন্ন কাজ করার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। এ জন্য মানুষের মাথায় বিশেষ ক্যামেরা লাগিয়ে কাজের বিভিন্ন দৃশ্য ধারণ করা হচ্ছে। এসব ভিডিও ও তথ্য বিশ্লেষণ করে রোবটকে কাজ শেখানো হচ্ছে।

যদিও ঘর পরিষ্কার করা বা কাপড় ইস্ত্রি করার মতো জটিল কাজগুলো এখনো রোবটগুলো একা করতে পারে না, তবে চীনের বিভিন্ন স্থানে তারা ইতোমধ্যেই সহজ কিছু কাজ করতে শুরু করেছে।

পার্কের আইসক্রিম তৈরির রোবট এবং তার পাশে কফি তৈরি করা আরেকটি রোবট দেখে একটি শিশু বলে ওঠে, ‘মা, দেখো!’

এ সময় পথচারীরা মুঠোফোনে রোবটগুলোর কাজের দৃশ্য ধারণ করছিলেন।

প্রতিটি আইসক্রিম ও কফির দাম প্রায় ৪ ডলার।

এআই রোবোটিকস নামের প্রতিষ্ঠানটির তৈরি এ দুই রোবটের কাজকর্ম পরিচালিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনে তাদের তৈরি ২০০টি মানবসদৃশ রোবট বিভিন্ন স্থানে কাজ করছে। শেনজেনের ওই পার্কে প্রতিদিন সর্বোচ্চ ৩০০ কাপ কফি বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গুও ইয়ানডং বলেন, ‘আমরা বাস্তব পরিবেশের বিভিন্ন পরিস্থিতি থেকে তথ্য সংগ্রহ করছি। যেমন, ভিন্ন ভিন্ন আলোর পরিবেশে রোবট কীভাবে কাজ করে, তা জানা যাচ্ছে। এসব তথ্য রোবটকে অনিশ্চিত ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।’

বিশ্বের উৎপাদনকেন্দ্র চীনে রোবট প্রযুক্তির প্রসার ঘটছে।

চীনে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে মানুষের আগ্রহও বাড়ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের চলতি বছরের এক জরিপে দেখা গেছে, চীনের ৮৩ শতাংশ মানুষ এআই ব্যবহার করে তৈরি পণ্য ও সেবা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া ৩২টি দেশের মধ্যে এ হার সর্বোচ্চ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মাত্র এক-তৃতীয়াংশ মানুষ।

চীনের কর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ‘এমবডিড এআই’ প্রযুক্তিনির্ভর রোবট খাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ২৩০ শতাংশ বেড়েছে।

এমবডিড এআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে রোবট চারপাশের পরিবেশ বুঝতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী নিজে থেকে কাজ করতে পারে।

কৌশল ও উদ্ভাবনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান জেনজেন ল্যাবসের ডারমট ম্যাকগ্রা বলেন, চীন বিশ্বের অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র।

তার মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের কয়েক দশকের উৎপাদন অভিজ্ঞতা রোবট নির্মাতাদের জন্য বড় সুবিধা।

শেনজেনের মতো শিল্পাঞ্চলে এসব যন্ত্রাংশের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাছাকাছি অবস্থান করায় রোবট নির্মাতারা দ্রুত যন্ত্রাংশ তৈরি, পরীক্ষা ও ব্যবহার করতে পারছেন।

প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের বসবাসের এই শহরে অন্য অনেক জায়গার তুলনায় অনেক দ্রুত নতুন প্রযুক্তি পরীক্ষা ও বাস্তব কাজে প্রয়োগ করা সম্ভব বলে এএফপিকে জানান ম্যাকগ্রা।

শেনজেনের একটি পণ্য পরিবহন কেন্দ্রে এআই প্রযুক্তির আরেকটি ব্যবহার দেখা গেছে। সেখানে শহরটির আরেকটি প্রযুক্তি স্টার্টআপ এক্স স্কয়ার রোবটের তৈরি দুটি যান্ত্রিক হাত চলন্ত বেল্ট থেকে বিভিন্ন আকারের পার্সেল তুলে নিচ্ছে। প্রয়োজন হলে পার্সেল উল্টে দিচ্ছে, যাতে সেটির ঠিকানার লেবেল ওপরের দিকে থাকে।

এক্স স্কয়ারের ভাইস প্রেসিডেন্ট আর্নল্ড পেই বলেন, ‘পার্সেলটি নরম ব্যাগ হলে রোবট তার বিশেষ গ্রিপার দিয়ে সেটি ধরে। আর কার্টনের বাক্স হলে দুটি হাত সমন্বয় করে সেটি সরিয়ে নেয়।’

তার ভাষ্য অনুযায়ী, একটি আদর্শ এআই রোবট নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, কোন পরিস্থিতিতে কী করতে হবে। তবে বিভিন্ন বাড়ির মতো অনিয়ন্ত্রিত পরিবেশে কাজ করা রোবটের জন্য অনেক বেশি কঠিন। কারণ, বাড়িভেদে আলো, মেঝে ও আসবাবপত্রের ধরন আলাদা হয়।

শেনজেনের কাছাকাছি ডংগুয়ান শহরের একটি সুপারমার্কেটে ২৩ বছর বয়সী ওয়াং লিন সেন্সরযুক্ত গ্লাভস ও ক্যামেরা লাগানো বিশেষ হেলমেট পরে তাকের পণ্য সাজাচ্ছিলেন।

তার প্রতিটি কাজ ক্যামেরায় ধারণ করা হচ্ছিল। পরে এসব তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চীনের বিভিন্ন স্টার্টআপের মতো মানুষের কাজের এসব তথ্য সংগ্রহ করে রোবটের মস্তিষ্ক হিসেবে কাজ করা এআই মডেল তৈরির প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে।

ওয়াং লিন এএফপিকে বলেন, ‘কারখানায় কিংবা উঁচু জায়গায় কাজ করার মতো ঝুঁকিপূর্ণ ও একঘেয়ে কাজগুলো রোবট মানুষের পরিবর্তে করতে পারে। এতে মানুষ আরও সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার সুযোগ পাবে।’

চীনের বিভিন্ন এলাকায় জুতা মেরামতকারী, নাপিত, ফুল বিক্রেতা, কারখানার শ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মীরাও একই ধরনের বিশেষ পোশাক ও যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের কাজের দক্ষতা রেকর্ড করছেন। এসব কাজের বিনিময়ে তারা অর্থও পাচ্ছেন।

স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর জানিয়েছে, চীনের প্রায় ১ হাজার ৬০০টি ও বিদেশের ১ হাজারটি স্থানে তারা এ ধরনের তথ্য সংগ্রহ করছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কাং ইউয়ের মতে, বর্তমান সময়ের রোবটগুলো বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকা শিশুর মতো।

কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের চীনবিষয়ক এআই বিশেষজ্ঞ পাভলো জভেনিহোরোদস্কি বলেন, চীনের এআই রোবটগুলো এখনো মূলত নির্দিষ্ট নিয়মে পরিচালিত ও বারবার করা যায়—এমন কাজের মধ্যেই সীমাবদ্ধ।

তবে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়লে চীনের অর্থনীতির বিভিন্ন খাতে এআইচালিত রোবটের ব্যাপক ব্যবহার দেখা যেতে পারে বলে তিনি মনে করেন।

চীনে রোবট ও অন্যান্য প্রযুক্তিনির্ভর উদ্যোগে সরকারের সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে খাবার সরবরাহের রোবট থেকে শুরু করে বিমানবন্দরে লাগেজ বহনের ট্রলি গুছিয়ে রাখার রোবট ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

বিশ্বের অন্যতম বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল ইতোমধ্যেই বিপজ্জনক কাজের জন্য চীনের স্পিরিট এআইয়ের তৈরি মানবসদৃশ রোবট ব্যবহার করছে।

এসব রোবট উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের প্লাগ লাগানোর কাজ করছে, যা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।

স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টরের প্রতিষ্ঠাতা কাং ইউ আশা করছেন, আগামী বছর চীনে এআইচালিত রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%