০৯:৫৬ পি.এম
সৌদি আরব চারটি দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে। এর ফলে, এসব দেশের নাগরিকরা সৌদি আরবে ভ্রমণের সুযোগ পাবেন, যা পর্যটনসহ অন্যান্য উদ্দেশ্যে হতে পারে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুনভাবে এই চারটি দেশের নাম প্রকাশ করেছে। দেশগুলো হলো—মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।
প্রয়োজনীয় যোগ্যতা ও বিধিমালা অনুযায়ী, এসব দেশের নাগরিকরা এখন সৌদি আরবে ভ্রমণের জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। পর্যটন ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একাধিক উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের সুযোগ লাভ করবেন।
আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
এতে অন্তর্ভুক্ত রয়েছে–বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ, ওমরাহ পালন, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ।
অফিসিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই চার দেশের যোগ্য নাগরিকরা যেসব ভিসা সুবিধা পাবেন, সেগুলো হলো–ই-ভিসা, নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।
প্রতিটি ভিসা ক্যাটাগরির জন্য সুনির্দিষ্ট শর্তাবলী, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়মকানুন প্রযোজ্য হবে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের সুযোগ বৃদ্ধি করা এবং পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসা সংক্রান্ত উদ্দেশ্যে দেশটিতে যাতায়াত আরও সহজ করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন